24-11-2026 19:22:33 pm
Link: https://bigyan.org.in/natural-disasters-climate-change-attribution-studies

ছিল ইস্কুল, বাজার, জনবসতি। নদীর প্লাবন কেটে যেতে পড়ে রইলো কাদামাটি, ভগ্নস্তূপ, হাহুতাশ। 2026-এর অগাস্টের একদিন হঠাৎ করে নেপালের অনেকগুলো মানুষের জীবনে আচমকা দাঁড়ি পড়ে গেল। আর গোটা বিশ্ব শিউরে উঠে দেখলো প্রকৃতির তাণ্ডবনৃত্যের সামনে অসহায় মানুষের ব্যর্থ পলায়ন প্ৰচেষ্টার ভিডিও। কেউ কেউ হয়তো ভাবলো — এরকম কি আমাদের সাথেও হতে পারে?
পাহাড়ে হড়পা বান নতুন কোনো ঘটনা নয়। হিমবাহ ভেঙ্গেছে, পাহাড় ধসে পড়েছে, নদী ফুলে উঠেছে — ইতিহাস ঘাঁটলে এরকম ঘটনা অনেক দেখা যাবে। এই ধরণের দুর্যোগকে “অ্যাক্ট অফ গড” হিসেবেই আমরা ধরে থাকি। কিন্তু “অ্যাক্ট অফ গড” যদি ঘন ঘন হতে থাকে কিংবা যেখানে হওয়ার কথা নয় সেখানেও হয়, একটা অন্য প্রশ্ন করতে হয়।
আসলে হচ্ছেটা কী? আর এর জন্য আমরা কীভাবে প্রস্তুতি নিতে পারি?
প্রথম প্রশ্নের উত্তরটা বিজ্ঞানীরা দেওয়ার চেষ্টা করছেন। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে আমাদের সকলকেই সামিল হতে হবে।
আসলে কী হয়েছিল
নেপালের ঘটনাটা দিয়েই শুরু করা যাক।
ঘটনাটা শুরু হয়েছিল একটা হিমবাহ (glacier) থেকে। হিমালয়ের ল্যাংটাং অঞ্চলের এক উঁচু পাহাড়ের হিমবাহ হঠাৎ ভেঙে পড়ে ত্রিশূলি নদীর অববাহিকায়।
হিমবাহ এমনিতে ধীরগতিতে পাহাড়ের উপর চলে — হয়তো বছরে কয়েক সেন্টিমিটার — কিন্তু সে পাহাড়ের সাথে আটকে থাকে জমাট বরফ দিয়ে। তাপ বাড়লে তার উপরের বরফ গলে জল তৈরী হতে পারে কিন্তু এমনিতে তাতে কিছু হয়না। সে জল গড়িয়ে চলে যায়। বেশি তাপ বেড়ে গেলে তখনই সমস্যার শুরু। সেই জল ফাঁকফোকর দিয়ে হিমবাহের গোড়ায় গিয়ে পড়ে। যেখানে জমাট বরফের (permafrost) আঠা দিয়ে হিমবাহ আটকে ছিল।
আঠা আলগা হয়ে পড়ে, একসময় হিমবাহের চাঙড় খুলে যায়। যে ঘটনাটা আমরা নেপালে হতে দেখলাম।

2021 সালে ভারতের উত্তরাখণ্ডেও প্রায় হুবহু একই ঘটনা ঘটতে দেখেছিলাম।
পাহাড়ি এলাকায় এমন হড়পা বানের (flash flood) ঘটনা তো কালেভদ্রে একবার ঘটেই —এ আবার নতুন কথা কী! কালেভদ্রে হবে, এমনটা যারা ভাবছেন, তারা হয়তো উপর উপর দেখছেন। হিমবাহের গোড়ায় যে আঠা আলগা হয়ে যাচ্ছে — কিম্বা পৃথিবীর উত্তরমেরুতে গলা বরফ শীতকালে আর আগের মত জমছে না — এসব খবর কিছু বিজ্ঞানী এবং পরিবেশবিদ ছাড়া কেউ সক্রিয়ভাবে খেয়াল রাখে না।
এই বিজ্ঞানী ও পরিবেশবিদরা অনেকদিন ধরে মানুষ-সৃষ্ট জলবায়ু পরিবর্তনের (anthropogenic climate change) কথা বলে আসছেন। রোজকার আবহাওয়ার তারতম্যকে ছাপিয়ে যে গোটা জলবায়ুতে একটা একমুখী ক্রমশ পরিবর্তন দেখা যাচ্ছে, সেটার কথা বলছেন। প্রাক-শিল্পবিপ্লব যুগের তুলনায় বিশ্বের গড় তাপমাত্রা দেড় ডিগ্রি ছাপিয়ে গেলে যে একটা কেলেঙ্কারি ব্যাপার হবে, সেই সতর্কবাণীও দিচ্ছেন।
কিন্তু সেটা ভবিষ্যৎ। সেই ভবিষ্যতের পথে অনেক প্রাকৃতিক বিপর্যয় রয়েছে। কারণ জলবায়ু পরিবর্তন ভিন্ন জায়গায় ভিন্নভাবে কামড় দেয়। নেপালের ক্ষেত্রে সেটা চিরজমাট বরফের গলন হিসেবে ধরা দিয়েছিল। তার উপর হঠাৎ বেড়ে যাওয়া সেই গ্রীষ্মকালের গরম, অনেক উঁচু অব্দি বরফ না পড়ে বৃষ্টি পড়ার প্রবণতা, আর 2015-তে ঘটে যাওয়া ভূমিকম্পের কারণে ফাটল, সব মিলিয়ে ওই সর্বনাশা কাণ্ডটা হয়েছিল।
এই কারণগুলোর অনেকগুলোই এখন এতটা স্বাভাবিক হয়ে গেছে যে শেষের ঘটনাটাও কতটা অস্বাভাবিক, সেই নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যায়। বিজ্ঞানীরা সেই পরিমাপটাই করার চেষ্টা করছেন। কীভাবে তাঁরা দুর্যোগের পিছনে দায় সাব্যস্ত করেন, এই পর্বে সেই নিয়ে বলা হবে। পরের পর্বে দেখানো হবে, বিভিন্ন জায়গায় কীভাবে বেড়ে ওঠা দুর্যোগের সম্ভাবনার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
“বিরল ঘটনা”
কালেভদ্রে যে মহাপ্রলয়গুলো ঘটে, তার জন্য আবহাওয়াবিজ্ঞানে একটা শব্দ প্রচলিত আছে — “বিরল ঘটনা” বা rare events। কথাটা একটা টেকনিক্যাল কথা। এটা অঙ্কের বিভিন্ন শাখা, যেমন পরিসংখ্যানবিদ্যা (statistics) বা সম্ভাবনার তত্ত্ব (probability theory), থেকে ধার করা। কোনো একটা ঘটনা যদি কোনো এক বিশেষ জায়গায় বছরের বিশেষ সময়ে ঐতিহাসিকভাবে খুব কম ঘটে থাকে, যেমন শতবছরে একবার, সেটাকে বিরল বলা চলে।
যেমন বান ডেকে আনা প্রবল বৃষ্টি। অমুক জায়গায় বছরের অমুক সময়ে কতটা বৃষ্টি হয়েছে, সেই ইতিহাস ঘাঁটা হলো। যদি কোনো এক বছরে দুম করে সেই বৃষ্টির পরিমাণ বাকি বছরগুলো থেকে অনেকটা বেশি হয়, সেটাকে বলা হবে বিরল ঘটনা। সেই বেশি বৃষ্টিতে বান আসতে পারে কারণ সেই জায়গাটা হয়তো এরকম বিরল ঘটনার জন্য প্রস্তুতি নেওয়ার কথা ভাবেনি।
যদি একটা জায়গার বৃষ্টিপাত বছরের পর বছর মেপে একটা গ্রাফে ফেলা হয়, তাহলে সেই গ্রাফের লেজুড়গুলো হবে “বিরল ঘটনা”। গ্রাফটা হবে নিচের ছবিটার মত।

বাস্তবে “বিরল ঘটনা” মানে হলো, এক জীবনকালে হয়তো সেই ঘটনা না-ও ঘটতে পারে। আমার মা তার ছোটবেলায় ঘটে যাওয়া একটা বন্যার কথা বলে। সত্তরের দশকে ঘটেছিল। সে ভয়ানক অভিজ্ঞতা! গ্রামের সবাই মোড়লের পাকা বাড়ির ছাদে গিয়ে উঠেছিল। গরু বাছুর সব ছেড়ে দেওয়া হয়েছিল যাতে তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঁধা অবস্থায় মরতে না হয়। এক মা-ছেলেকে বাঁচানো যায়নি, বাড়ির চাল তাদের মাথায় পড়ে তাদের ভাসিয়ে নিয়ে গেছিল। কিন্তু সে আমার মায়ের ছোটবেলার কথা। সেই গ্রামেও আর ঐরকম বন্যা হয়নি। এইটা “বিরল ঘটনা”।

সেইরকম ঘটনা যদি হঠাৎ করে বারবার ঘটতে থাকে, তখন আর সেটা বিরল থাকে না। ইউরোপে এখন প্রায় প্রতি বছরই গ্রীষ্মকালের তাপমাত্রা এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যে মনে হয়, কাহাতক আর রেকর্ড তাপমাত্রা বলা যায়।
বিভিন্ন পরিমাপগুলো গ্রাফে ফেললে দেখা যাবে বছরের পর বছর গ্রাফের লেজুড়টা ক্রমাগত মোটা হতে থাকছে। নিচের গ্রাফটাকে আগের সাথে তুলনা করলে যে ব্যাপারটা চোখে পড়বে।

জাতিসংঘের জলবায়ু বিষয়ক প্যানেলের ষষ্ঠ প্রতিবেদন (AR6) অনুযায়ী, শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার ফলেই বিশ্বজুড়ে চরম তাপদাহ বা ‘হিটওয়েভ’-এর মাত্রা ও হার বহুগুণ বেড়ে গেছে। আগে যে তাপদাহ 50 বছরে মাত্র একবার আসত, বর্তমানে তা প্রতি 50 বছরে অন্তত 4.8 বার ঘটার সম্ভাবনা তৈরি হয়েছে—অর্থাৎ ঝুঁকি বেড়ে গেছে প্রায় 5 গুণ। অনেক জায়গায় তাপদাহ আর বিরল ঘটনা নেই।
কিন্তু তাপমাত্রাটাই একমাত্র সমস্যা নয়। একসময়, “বিশ্ব উষ্ণায়ন” (global warming) কথাটা ব্যবহার হতো মানুষের জ্বালানি পোড়ানো থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড জাতীয় গ্রিনহাউস গ্যাসের পৃথিবী গরম করে দেওয়া বোঝাতে। কিন্তু উষ্ণ পৃথিবী শুধু একভাবে দেখা দেয়না। গরম হয়ে যাওয়া বাতাস বেশী জলীয় বাষ্প ধরে রাখতে পারে। সেই জল আটকে থাকার ফলে অস্বাভাবিক খরাও হতে পারে আবার দুম করে আছড়ে পড়লে অস্বাভাবিক বন্যাও হতে পারে। মেরু আর নিরক্ষরেখার তাপের তফাৎ কমতে থাকলে মেরু থেকে আসা “জেট স্ট্রিম” ধীরগতি হয়ে যায়। এর জন্যে জায়গাবিশেষে তাপপ্রবাহ (heat wave) হতে পারে, আবার শৈত্যপ্রবাহও (cold wave) হতে পারে [4]।

আচ্ছা মুশকিলে পড়া গেল! জনসাধারণকে কিভাবে বোঝানো যাবে যে সব কিছুই উষ্ণায়নের কারণে হচ্ছে?

জলবায়ু বিজ্ঞানীরা একাধারে প্রাকৃতিক দুর্যোগের (extreme events) কথা বলতে শুরু করলেন। যে ধরণের দুর্যোগ “বিরল ঘটনা” হওয়ার কথা।
আর বলতে শুরু করলেন সম্ভাবনার কথা। সেখানেই মুশকিল হলো।
সম্ভাবনার রাজ্যে
আমরা প্রতিনিয়ত সম্ভাবনা নিয়ে খেলা করছি কিন্তু তবু সম্ভাবনার ভাষা নিয়ে আমাদের একটা অস্বস্তি রয়েছে। কোনো সাংঘাতিক রোগ হলে ডাক্তার বেঁচে থাকার সম্ভাবনার কথা বলেন, শেয়ার বাজারে টাকা খাটালে আমরা সম্ভাবনা নিয়ে খেলা করি। কিন্তু জলবায়ু বিজ্ঞানীরা সম্ভাবনার কথা বললে কিভাবে সেটা নিয়ে ভাবা উচিত, সেই স্পষ্ট ধারণা অনেকসময় থাকে না।
এর কারণ হয়তো, সম্ভাবনার রাজ্যে কোনো কিছুই বাদ যায়না। বন্যা হতেও পারে, আবার না-ও হতে পারে। কয়েন টসের মত। ফিফটি-ফিফটি সুযোগ রয়েছে হেড কিংবা টেল পড়বে।

কিন্তু সম্ভাবনা মানেই কয়েন টসের মত ফিফটি-ফিফটি নয়। কোনো ঘটনার সম্ভাবনা বাড়তে থাকলে একটা জায়গায় গিয়ে সেটা নিশ্চিত সত্য না হলেও তার ভিত্তিতে এগোনো যায়। বাস্তবে কিছু কিছু প্রাণঘাতী ঘটনার সম্ভাবনা 0.1 থেকে 1 শতাংশ হলেই সেটা যাতে না ঘটে তার ব্যবস্থা নেওয়া হয়।
সম্ভাবনা নিয়ে কথা বলতে গেলে আরেকটা জিনিস বোঝা প্রয়োজন। কেউ যখন সম্ভাবনার কথা বলছে, কিসের ভিত্তিতে বলছে?
ছোটবেলায় ইস্কুলে যেভাবে সম্ভাবনা মাপতে শেখানো হয়, সেটাই ঝালিয়ে নেওয়া যাক। বিজ্ঞানীরা যেভাবে একটা ঘটনার সম্ভাবনা মাপেন, তার ভিত্তি ক্লাসরুমে শেখা অঙ্কের মধ্যেই রয়েছে।
ধরা যাক, একটা লুডোর ছক্কা রয়েছে। কোনো একটা দিক কতবার পড়বে, তার সম্ভাবনা মাপতে হবে।

দুইভাবেই একই সম্ভাবনার মান পাওয়া উচিত। দ্বিতীয় ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি লুডোর ছক্কাটার ভিতর কোনো কারিকুরি করা হয়নি। আমরা ওটা ভেঙ্গে ওর ভিতর দেখতে যাচ্ছি না। চোখে দেখে যা মনে হচ্ছে, সেটার ভিত্তিতে একটা গণনা করছি। যদি কোনোভাবে জানতে পারি যে কোনো একটা দিকের পাল্লা ভারী করা আছে, তাহলে ছক্কার মডেলটা পাল্টাতে হবে।

আবহাওয়া বিজ্ঞানীরা একটা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা মাপতে দুটো পদ্ধতিই ব্যবহার করেন। বা আরো নিখুঁতভাবে বললে, একটা পদ্ধতিকে ব্যবহার করেন অন্য পদ্ধতিটার যথার্থতা বিচার করতে।
দুর্যোগ কি এমনিতেই হতো
বন্যা, খরা, টর্নেডো, তাপপ্রবাহ, এসবই মানুষের শিল্প উন্নয়ন হ্যানা ত্যানা ছাড়াও হতো। তাই মানুষ-সৃষ্ট জলবায়ু পরিবর্তনের ঘাড়ে সব দোষ চাপালে সেটা ঠিক নয়। “ঝুঁকি বাড়ছে”, শুধু এটুকু বললেই পাত্তাও পাওয়া যায়না। ঝুঁকি বাড়ছে সেটা তো বুঝছি, কিন্তু কতটা বাড়ছে সেটা না বুঝলে সেই নিয়ে কী করবো?
তাই একটা নতুন গবেষণা শাখা এখন চালু হয়েছে। কোথাও একটা দুর্যোগ হলে বিজ্ঞানীরা বলার চেষ্টা করেন, জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরণের দুর্যোগের সম্ভাবনা কতটা বেড়ে গেছে। এই ধরণের গবেষণাকে বলে, ‘অ্যাট্রিবিউশন স্টাডি’ (attribution study) বা দুর্যোগের দায় নির্ধারণী গবেষণা।
ধরা যাক, কোথাও একটা বিধ্বংসী বন্যা হলো। এই ধরণের গবেষণাতে এই প্রশ্নটা করে না যে ওই বিশেষ বন্যাটার জন্য জলবায়ু পরিবর্তন দায়ী কি না। প্রশ্নটা হলো —ওই জায়গায় ওই সময়ে ওই ধরণের বন্যা হওয়ার সম্ভাবনা জলবায়ু পরিবর্তনের কারণে কতটা বদলেছে?
এর জন্য কম্পিউটারে ওই জায়গাটার উপর একটা থ্রী-ডি বাক্সের মধ্যে একটা মডেল খাড়া করা হয়। তাতে সেখানকার তাপমাত্রা, গ্রিনহাউস গ্যাসের পরিমাণ, জলের কারেন্ট, এমনকি গাছপালা, অনেকরকম ভ্যারিয়েবল (variable) ঢোকানো হয়।

তারপর পদার্থবিদ্যার নানা নিয়ম লাগিয়ে কম্পিউটারে সিমুলেশন চালানো হয়। নিয়মগুলো পদার্থবিদ্যার পাঠ্যবইয়ে পড়া নিয়ম: ভর বা শক্তি উদয় হয়না বা উবে যায় না, তরল নেভিয়ার-স্টোকস সমীকরণ (Navier-Stokes equation) মেনে বয়ে চলে।
এই সিমুলেশন-এর শেষে দেখা হয় একটা বিশেষ ঘটনা ঘটার সম্ভাবনা কতটা।
কিন্তু ঠিকঠাক মডেল বানানো হয়েছে কিনা সেটা বুঝবো কীকরে? তার জন্য মডেলের সিমুলেশনের সাথে বাস্তব ঐতিহাসিক তথ্য মিলিয়ে নেওয়া হয়। এটা সেই লুডোর ছক্কার মডেল ঠিক কিনা, সেটা বুঝতে ছক্কাটাকে চেলে বাস্তব তথ্য দেখার মতো।
এরপর একটা সম্পূর্ণ কাল্পনিক কিন্তু বৈজ্ঞানিকভাবে নিখুঁত আরেকটি ‘বিকল্প পৃথিবী’ তৈরি করা হয়, যেখানে মানুষ কখনো কয়লা, তেল বা গ্যাস জ্বালিয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করেনি—অর্থাৎ শিল্পবিপ্লব-পূর্ব সময়ের এক ভেজালহীন বিশ্ব। সেখানে একই ধরণের সিমুলেশন চালিয়ে দেখা হয়, ওই বাক্সের মধ্যে ওই বিশেষ ঘটনা ঘটার সম্ভাবনা কতটা।


দ্বিতীয় সম্ভাবনাটা যদি প্রথমটার তুলনায় স্পষ্টভাবে বেশী হয় — স্পষ্টভাবে বেশি হতে হবে, অনেকটা বেশি নয় — তখন বিজ্ঞানীরা বলেন, মানুষ-সৃষ্ট জলবায়ু পরিবর্তন অমুক ঘটনার সম্ভাবনাকে এতটা বাড়িয়ে দিয়েছে। যেমন, 2003 সালে ইউরোপে তাপপ্রবাহে 70,000-এর বেশি মৃত্যু হয়েছিল। সেই প্রথম এই ধরণের গবেষণা করা হয়। সেখানে বলা হয় যে জলবায়ু পরিবর্তনের কারণে এই মাত্রায় তাপপ্রবাহের সম্ভাবনা দ্বিগুণ বেড়ে গেছিল [1]।
সেই থেকে অনেক ‘অ্যাট্রিবিউশন স্টাডি’ হয়েছে। কখনো বেরিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে একটা ঘটনা 600গুণ বেশি সম্ভাব্য হয়ে গেছে (2020-তে সাইবেরিয়ার ছ-মাস ব্যাপী তাপপ্রবাহ [2]), আবার কখনো এটাও বেরিয়েছে যে জলবায়ু পরিবর্তনের একটা ঘটনার পিছনে কোনো হাত নেই (2021-এ দক্ষিণ মাদাগাস্কারে কয়েক বছর ব্যাপী খরা [3])।
মোদ্দা কথা, প্রাকৃতিক দুর্যোগের পিছনে দায় সাব্যস্ত করা গেছে। এই ধরণের গবেষণার অবশ্যই কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন, এতে তাপপ্রবাহ বা শৈত্যপ্রবাহের সম্ভাবনা অনেক আত্মবিশ্বাসের সাথে বলা যায়, কিন্তু এই ধরণের মডেল ব্যবহার করে ঝড়ঝঞ্ঝার সম্ভাবনা অতটাও স্পষ্ট বলা যায়না। তাপপ্রবাহের পদার্থবিজ্ঞান অনেক স্পষ্ট, ঘটনাটা হয়ও অনেকটা জায়গা জুড়ে। অন্যদিকে, ঝড়বৃষ্টি অনেক ছোট জায়গার মধ্যে হয় (মডেলের বাক্সের থেকে ছোট), তার পিছনে অনেকগুলো ব্যাপার একসাথে জটিলভাবে কাজ করে। বিজ্ঞানীরা তাই সম্ভাবনা বাড়ার কথা বলার সাথে সাথে এটাও বলেন যে তাদের গবেষণার ফলাফলের উপর কতটা ভরসা আছে।
এই ধরণের বিজ্ঞানে তাই কোনো সিদ্ধান্তে আসতে একটা মডেল নয়, এমনকি একটা গবেষণাপত্র নয়, এইটা দেখতে হয় যে বহু গবেষণা সম্মিলিতভাবে কোনো দিকনির্দেশ করছে কিনা।
বিভিন্ন জায়গার ‘অ্যাট্রিবিউশন স্টাডি’ এবং অন্যান্য গবেষণা থেকে এখন স্পষ্ট — জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর নানা জায়গাতে প্রাকৃতিক দুর্যোগকে আর “বিরল ঘটনা” বলে এড়িয়ে যাওয়া যাবে না। সেটা একটা জীবনকালেই অনেকবার ঘটতে পারে। কিছু ঘটনার ক্ষেত্রে সেটা প্রতি বছরই ঘটতে পারে।
ঝুঁকির মধ্যে বাঁচা
একসময় জলবায়ু পরিবর্তন কিভাবে আটকানো যায়, সেই দিকেই সব প্রচেষ্টা ছিল। কিন্তু কঠোর বাস্তবের মাঝে অন্যভাবে ভাবতে হচ্ছে।
ধরা যাক, দুম করে গ্রিনহাউস গ্যাস বেরোনো একদম বন্ধ করে দেওয়া গেল। সেটা এমনিতেই হবে না — ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে বর্তমান প্রজন্ম তাদের জীবনযাত্রা রাতারাতি পাল্টাবে এমনটা আশা করা উচিত না। কিন্তু ধরা যাক, সেটা হলো। এতদিনের জমা গ্রিনহাউস গ্যাস কিন্তু বায়ুমণ্ডল থেকে নিমেষের মধ্যে শোষিত হয়ে যাবে না।
তাই স্বাভাবিকভাবেই আরও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের সাথেই আমাদের থাকতে হবে। কীভাবে সেটা সম্ভব হতে পারে, তার কিছু পথ পরের অংশে আলোচনা করা হবে।
(লেখাটি রিভিউ এবং পরিমার্জনা করেছেন ড: সায়ন্তী কর। লেখাটি এক জলবায়ু বিজ্ঞানী এবং এক বিজ্ঞান লেখকের সাথে আড্ডার ভিত্তিতে তৈরী করা হয়েছে।)
প্রচ্ছদের ছবি: বিদিশা সিনহা
তথ্যসূত্র
[1] Peter A. Stott, D. A. Stone, and M. R. Allen, “Human contribution to the European heatwave of 2003”, Nature, vol. 432, pp. 610–614 (2004).
[2] World Weather Attribution, “Siberian heatwave of 2020 almost impossible without climate change”, World Weather Attribution Scientific Report (2020).
[3] L. J. Harrington et al., “Limited role of climate change in extreme low rainfall associated with southern Madagascar food insecurity, 2019–21”, Environmental Research: Climate, vol. 1, no. 1, p. 015002 (2022).
[4] Jennifer A. Francis and Stephen J. Vavrus, “Evidence linking Arctic amplification to extreme weather in mid-latitudes”, Geophysical Research Letters, vol. 39, no. 6, p. L06801 (2012).
[5] National Academies of Sciences, Engineering, and Medicine, Attribution of Extreme Weather Events in the Context of Climate Change, The National Academies Press (2016).
[6] Paul N. Edwards, A Vast Machine: Computer Models, Climate Data, and the Politics of Global Warming, The MIT Press (2010).
[7] Friederike Otto, Angry Weather: Heat Waves, Floods, Storms, and the New Science of Climate Change, Greystone Books (2020).
[8] Myles Allen, “Liability for climate change”, Nature, vol. 421, pp. 891–892 (2003).
লেখাটি অনলাইন পড়তে হলে নিচের কোডটি স্ক্যান করো।
Scan the above code to read the post online.
Link: https://bigyan.org.in/natural-disasters-climate-change-attribution-studies