02-03-2026 15:29:01 pm
Link: https://bigyan.org.in/bigyan-poster-three-evolution-size-nature-animals

প্রকৃতিতে বিভিন্ন সাইজের প্রাণীর বিবর্তনের পিছনে কিছু সহজ নিয়ম জানতে ‘বিজ্ঞান’-এর তৃতীয় পোস্টার বা দেওয়াল পত্রিকা ডাউনলোড কর/করুন।
“বিজ্ঞান” পত্রিকার তরফ থেকে প্রিন্ট-রেডি পোস্টার বানানোর একটি উদ্যোগ নেওয়া হয়েছিল 2024 সালে। প্রথম পোস্টার ছিল জলবায়ু পরিবর্তন নিয়ে: কিভাবে সেটা হচ্ছে এবং কিভাবে জানছি যে হচ্ছে। তার পরের পোস্টারটি একটা গল্প বলেছিল: সূর্যের আলো রামধনু হয়ে যখন চোখে ধরা দেয়, কোন কোন বৈজ্ঞানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে যেতে হয়। সেই পোস্টার সংকলনে নতুন সংযোজন হচ্ছে এই বছর! আশা করছি, আগের দুবারের মতোই স্কুলের মাষ্টারমশাই এবং দিদিমণিদের তরফ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাবে। এবং বিভিন্ন স্কুলের নোটিশবোর্ডে এই পোস্টারটি জায়গা করে নেবে।
এবারের পোস্টারের বিষয়টা একটা সহজ প্রশ্ন থেকে শুরু। একটা হরিণ যদি সব দিক দিয়ে দশগুণ বেড়ে যায়, তাহলে কি সে আগের মতই চলাফেরা করতে পারবে? বাঘে তাড়া করলে পালাতে পারবে? প্রশ্নটা সহজ শুনতে লাগলেও এর আড়ালে একটা গভীর ধারণা লুকিয়ে আছে। প্রাণীজগতের নানাধরনের রহস্যের সমাধান আছে সেই ধারণাটার মধ্যে। গণ্ডারের পা কেন থামের মতো বড় আর জিরাফ কেন তেরছাভাবে দাঁড়ায়, এই ধরণের নানা অভিযোজন (adaptation) সংক্রান্ত প্রশ্নের উত্তর বেরিয়ে আসে এখান থেকে।
আশা করি, আপনাদের নিজেদের ও প্রতিবেশি স্কুলে ছড়িয়ে দেবেন এই পোস্টারটি। পাতাগুলো পুরোপুরি প্রিন্ট-রেডি! এক একটি পাতা A4 কাগজে প্রিন্ট করে দেওয়ালে লাগিয়ে দিলেই দেওয়াল পত্রিকা তৈরি। প্রায় প্রতি পাতার নিচে রইল কিছু চিন্তা-ভাবনা করার মত প্রশ্ন। সেগুলো ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে ও মাষ্টারমশাইদের আলোচনা করবে – সেটা আমাদের আশা। প্রশ্নের উত্তর, ফীডব্যাক, ও পরবর্তী পোস্টার কোন বিষয়ে করলে আপনাদের ভালো লাগবে তার আইডিয়া মাথায় এলে [email protected] -এ ইমেইল করে জানান।
এই পোস্টারটি সাজিয়েছে bigyan.org.in-এর স্বেচ্ছাসেবীরা। মূল্যবান মতামত জানানোর জন্য কৃতজ্ঞতা জানাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাকা দাশগুপ্ত-কে এবং কন্টাই সায়েন্স অ্যাকাডেমি-র প্রদীপ্ত পঞ্চাধ্যায়ীকে। দেওয়াল পত্রিকাটির অসামান্য সজ্জার জন্য ধন্যবাদ জানাই anonymous (কলকাতা) সংস্থাটিকে।
প্রকৃতিতে বিভিন্ন সাইজের প্রাণীর বিবর্তনের পিছনে কিছু সহজ নিয়ম জানতে ‘বিজ্ঞান’-এর তৃতীয় পোস্টার বা দেওয়াল পত্রিকা ডাউনলোড কর/করুন।
সকল পোস্টারগুলি পাওয়া যাবে এই পাতাতে।
প্রাণিজগতে সাইজের সাথে বিভিন্ন অভিযোজনের যে একটা সম্পর্ক রয়েছে, সেই নিয়ে বিজ্ঞানী জে বি এস হ্যালডেন একটা বিখ্যাত প্রবন্ধ লিখেছিলেন — On Being the Right Size। বিজ্ঞান পত্রিকায় সেই প্রবন্ধটির অনুবাদ “সাইজের মাহাত্ম্য” পড়ুন। এই প্রবন্ধটিতে দেওয়া ধারণাগুলি যে প্রকৃতি থেকে প্রযুক্তিতে সর্বত্র দেখা যায়, তার প্রমাণ পেতে এই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করুন।
আপনাকে ইমেইল শুধুমাত্র Bigyan.Org.In এর খবরাখবর পাঠানোর জন্য ব্যবহৃত হবে। আপনার তথ্য আমাদের কাছে সুরক্ষিত।
লেখাটি অনলাইন পড়তে হলে নিচের কোডটি স্ক্যান করো।
Scan the above code to read the post online.
Link: https://bigyan.org.in/bigyan-poster-three-evolution-size-nature-animals